বিস্তারিত নিউজ হোম / বিস্তারিত নিউজ

সিলেটে ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাস্টিক সার্জারির সুযোগ
বৃহত্তর সিলেট অঞ্চলের ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের প্লাস্টিক সার্জারির সুযোগ নিয়ে এসেছে জালালাবাদ রোটারি ক্লাব। সম্পূর্ণ বিনামূল্যে আগামী ১২ থেকে ২৩ জানুয়ারি সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোটাপ্লাস্ট মিশনের নবম কার্যক্রম পরিচালিত হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জালালাবাদ রোটারি ক্লাবের রোটাপ্লাস্ট মিশন সিলেট ২০২৬-এর চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রোটারি ক্লাব অব জালালাবাদের সামগ্রিক ব্যবস্থাপনায় এবং যুক্তরাষ্ট্রের রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের মাধ্যমে সিলেট অঞ্চলের ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাস্টিক সার্জারি চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে আসছে। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে আটটি অপারেশন কার্যক্রম সিলেটে সম্পন্ন হয়েছে। এতে ৬৮৭ জনের অধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত বছরের মতো এ বছরও শেভরন বাংলাদেশের অর্থায়নে মেডিকেল মিশনটি পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ বছরও আমেরিকা, নেদারল্যান্ড ও মিশর থেকে আগত বিশ্বখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের চিকিৎসা দেওয়া হবে। রোটারি ক্লাব অব জালালাবাদ বিগত সময়ের ন্যায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সর্বমোট আটটি চিকিৎসাসেবা প্রদান করেছে। এবার নবমটি পরিচালনা করার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় জালালাবাদ রোটারি ক্লাবের নেতারা বলেন, আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ভুক্তভোগী রোগীরা এই সেবাটির গ্রহণ করুক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব জালালাবাদের প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল, সচিব পিপি হানিফ মোহাম্মদ, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, পিপি প্রফেসর ডা. আব্দুস সালাম, পিপি নীরেশ চন্দ দাস, পিপি মন্জুর আল বাছেত, ক্লাব সেক্রেটারি মিজানুর রহমান, রোটারিয়ান রিনা কর্মকার, রোটারিয়ান রুনা খান প্রমুখ।
Leave A Comment
Sing in to post your comment or singup if you don’t have any account.
0 Comments